ঝিনাইদহপ্রতিনিধি॥ ১৯ নভেম্বর’২০১৭ঃ ঝিনাইদহের কালীগঞ্জের মটর মালিক সমিতির ভবনের সিঁড়ি ঘরের পিছনের দিকে একটি বিকট শব্দের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোন হতাহত হয়নি। রোববার দুপুর ১২ টার দিকে বিকট শব্দের এ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ে। পরে পুলিশ যেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অবস্থিত সুমন ক্লিনিকের মালিক রবিউল ইসলাম জানান, তিনি ক্লিনিকে বসে টিভি দেখছিলেন। প্রথমে গাড়ীর টায়ার ব্লাষ্ট হয়েছে মনে করেন। পরে দেখতে পান ভবনের পিছনের দিক থেকে ব্যাপক ধোয়া বের হচ্ছে। তবে কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা তিনি বলতে পারেননি।
মটর মালিক সমিতির অফিস সহকারি দেব কিংকর সাহা জানান, বিকট শব্দের বিস্ফোরনের পর বিল্ডিং টি কেপে উঠে। যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানকার কাঁদা-মাটি চারিদিকে ছিটে গেছে। ঘটনাটি ঘটার পর তিনি মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীনকে জানান। পরে ফরিদ উদ্দীন পুলিশকে খবর দেন।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। সেখানে একটি শব্দ হয়েছে। বোমার কোন আলামত পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।



