ঝিনাইদহ প্রতিনিধিঃ ময়দা, রসগোল্লার রস, চিনি ও রং দিয়ে ভেজাল গুড় উৎপাদনের সময় এলাকাবাসী হাতে নাতে রবিন ও তার ছেলে দেবুকে আটক করে জরিমানা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার বলরামগ্রামে।
এ সময় গ্রাম্য শালিসিতে ভেজাল উৎপাদন করা ৫ মণ গুড় বেগবতী নদীতে ফেলে দেয়াসহ তাদের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আর জরিমানার টাকা স্থানীয় মন্দিরে দেয়া হয়েছে বলে জানাগেছে।
নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার জানান, শনিবার দিবাগত গভীর রাতে বলরামপুর গ্রামের রবিন ও তার ছেলে দেবু ময়দা, চিনি, রসগোল্লার রস ও রং দিয়ে ভেজাল গুড় তৈরি করছিল। এলাকাবাসী গোপন খবর পেয়ে বাপ-বেটা দু’জনকে আটক করে। পরে গ্রামে এক স্থানীয় শালিসী সভায় তাদের দু’জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকা স্থানীয় একটি মন্দিরের উন্নয়নের জন্য দেয়া হয়েছে। আর আটক হওয়া ৫ মণ ভেজাল গুড় বেগবতী নদীতে ফেলে দেয়া হয়েছে।
এ সময় রবিন ও তার ছেলে দেবুর আর ভেজাল গুড় তৈরি করবে না বলেও মুসলিকা নেয়া হয়। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।