বিশেষ প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় চালানো অভিযানে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। এ জন্য প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে এ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন বিচারক।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজবাড়ি’ হিসেবে পরিচিত একটি বাড়িতে রাতভর জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে এক ঘণ্টার মূল অভিযানে নয় জঙ্গি নিহত ও রিগ্যান নামের একজন আহত হন।ঘটনার দুদিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহজালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।
মামলায় ১০ জনকে আসামি করা হয়। এঁদের মধ্যে রিগ্যান নামের ওই ব্যক্তি কারাগারে আটক রয়েছেন।এ ছাড়া এ ঘটনায় জাহাজবাড়ির মালিকসহ ছয়জনের বিরুদ্ধে পুলিশকে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।


