বাংলাদেশে করোনা আক্রান্ত সংখ্যা ৬১, মৃত ৬ এবং সুস্থ ২৬

বাংলাদেশে করোনা আক্রান্ত সংখ্যা ৬১, মৃত ৬ এবং সুস্থ ২৬

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত হয়ে সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।  তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে মোট আক্রান্তের আর মৃত্যু হয়েছে ৬ জনের। ইতিমধ্যেই ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিং শুরু হয়। ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এ সব তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনার পরীক্ষা-নিরীক্ষার জন্য কিটের সংকট নেই। রাজধানীসহ সারা দেশে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।’

করোনা আক্রান্ত সন্দেহভাজন রোগীদের স্বপ্রনোদিত হয়ে বেশি বেশি করে নমুনা পরীক্ষা করতে সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে যোগাযোগের আহ্বান জানান মন্ত্রী। প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের না হতে দেশবাসীকে অনুরোধ জানান তিনি।

ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ১২৬টি ও অন্যান্য প্রতিষ্ঠানে ৩৮৭টি নমুনাসহ মোট ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫টি নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরের ৩টি নমুনাতে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদেরকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য আইসোলেশনে রাখা হয়েছে। তাদের কন্ট্রাক্ট ট্রেসিং করা হচ্ছে। ইতিমধ্যেই ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে আছেন ২২ জন ও অন্যান্য প্রতিষ্ঠানে ৭ জনসহ ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ৬ জন মারা গেছেন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।

এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৬ হাজার ৭৫ জন। মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯১৫ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৪২ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।