মহামারি করোনা ভাইরাসের থাবায় কাঁপছে বিশ্ব তবুও ভারতের সাথে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের পুঞ্চ জেলার কেরণি, কোয়াসবা, দেগওয়ার সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা। কিন্তু মঙ্গলবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের গুলি চালাল পাকিস্তান।
ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টা নাগাদ মর্টার শেলিং ও ছোট অস্ত্র দিয়ে ফায়ারিং করে কেরণি, কোয়াসবা, দেগওয়ার সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। তিনি জানিয়েছেন, ভারতীয় সেনাও পাক গোলাগুলির উপযুক্ত জবাব দিয়েছে।
উল্লেখ্য, এর মাত্র দিন কয়েক আগেও এই ঘটনা ঘটিয়েছিল পাকিস্তান। কিন্তু করোনা আতঙ্কে সারা পৃথিবী যখন একজোট হচ্ছে, তখন পাকিস্তানের এই পদক্ষেপ ফের ইমরান খানের দেশকে কাঠগড়ায় তুলতে পারে বলে মনে করছে সচেতন মানুষ।
সূত্রের খবর, পাকিস্তানের তরফে করা ফায়ারিং-এর ঘটনায় আগের দিনই কাঠুয়া অঞ্চলে একজন ৪৫ বছরের ভারতীয় নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার ভোর বেলা হিরানগর সেক্টরের ময়নারি এলাকায় তার বাড়ির কাছে একটি মর্টার ছোঁড়ে পাক বাহিনী। তার আঘাতেই আহত হন ওই ব্যক্তি।
জানা গিয়েছে, সোমবার রাত ৯ টা ৪৫ নাগাদ নাগাড়ে গোলাবর্ষণ শুরু করে পাক বাহিনীএ। একটানা গুলি চালানোর পরে মঙ্গলবার ৫ টা নাগাদ থামে পাকিস্তান। পুঞ্চের মেন্দার সেক্টর থেকেও এই গুলি ছোঁড়ার খবর পাওয়া গেছে। সেখানে সেনাবাহিনীর জন্য কাজ করা এক স্থানীয় কর্মী আহত হয়েছেন বলে খবর।




