দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। দেশের এই ক্রান্তিকালে সম্মুখে থেকে লড়াই করা মানুষদের মধ্যে আছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার ও সাংসদ মাশরাফি বিন মুর্তজা ও স্পিনার নাজমুল ইসলাম অপু। তারা দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেল তিনটায় সাংসদ মাশরাফি বিন মুর্তজার এবং আজ শনিবার দুপুরে অপুর করোনা পজিটিভ হবার খবরটি জানা যায়।
মাশরাফি যেমন তার সংসদীয় এলাকাসহ দেশের নানা শ্রেণীর মানুষের পাশে থেকেছেন, নাজমুল ইসলাম অপুও নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
অপুর ঘনিষ্ঠ ছোট ভাই আরিয়ান রোমান জানিয়েছেন, অপু একা নন, এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অপুর বাবা-মা’ও। সবাই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
রোমান আরও জানান, গেল সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদি যান অপু। সেখান থেকে আসার পর থেকে জ্বর অনুভূত হয় অপুর। এরপর গত বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। আজ শনিবার সেটির ফল আসে পজিটিভ। তবে শারীরিকভাবে এখনও সুস্থ আছেন।
এদিকে বাংলাদেশ দলের আরেক সাবেক ক্রিকেটার এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
দশদিন আগে শরীরে জ্বর ও ব্যথা অনুভব করেছিলেন নাফিস। পরে করোনা টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে। ধীরে ধীরে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। খাবারে তেমন স্বাদ পাচ্ছিলেন না। অবশ্য এখন ভালো আছেন নাফিস। ধীরে ধীরে সুস্থ অনুভব করছেন সাবেক এ ব্যাটসম্যান।
ক্রিকেট সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক অডিও বার্তায় নাফিস বলেন, অনেকেই ফোন করছেন খবর নেয়ার জন্য, কিন্তু রিসিভ করতে পারছি না। ধীরে ধীরে আমি ভালো অনুভব করছি। হোম আইসোলেশনে আছি। দোয়া করবেন সবাই। এখান থেকে যেন কোনো জটিলতা না দেখা দেয়।



