নিউজ ডেস্কঃ হিন্দুরা ধর্মান্তরিত না করার কারনে জনসংখ্যা কমছে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজেজু।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্টে এই দাবি করেন কিরণ। হিন্দুরা অন্য ধর্মের মানুষকে ধর্মন্তারিত না করার কারণেই তাদের সংখ্যা কমছে বলে জানান তিনি।
টুইটার পোস্টে কিরণ লেখেন, ‘ভারতে হিন্দু জনসংখ্যা কমছে কারণ হিন্দুরা ধর্মান্তরিত করেন না। আশপাশের দেশগুলোর চাইতে আমাদের দেশে সংখ্যালঘুর পরিমাণ বাড়ছে।’
তবে ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরোধী দলের নেতাদের দাবি, আসন্ন ভোটে অরুণাচল প্রদেশের সংখ্যালঘুদের ভোট নিজের পক্ষে আনতেই এমন বক্তব্য দিচ্ছেন তিনি।
কিরণের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসাউদ্দিন ওয়াইসি নামে হায়দরাবাদের এক আইনজীবী বলেন, ‘রিজেজুর মনে রাখা উচিত তিনি পুরো ভারতের মন্ত্রী। মনে রাখবেন আপনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।’
ওয়াইসি আরো বলেন, ‘আমাদের দেশের সংখ্যালঘুদের সঙ্গে অন্য দেশের সংখ্যালঘুদের সম্পর্ক কী?’



