বিশেষ প্রতিবেদকঃ ওয়ান ইলেভেনের সময় যাদের ইন্ধনে আটক হয়েছিলেন তাদের হিসাবও নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করায় বিএনপির কড়া সমালোচনা করেন শেখ হাসিনা।
স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তান আমলে পূর্ব-পাকিস্তানে শোষণ-বঞ্চনা ও বৈষম্যের ইতিহাস তুলে ধরেন তিনি। দেশ স্বাধীন করতে বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মাত্র তিন বছরে, বাংলাদেশ অনুন্নত দেশ থেকে স্বল্পোন্নত দেশে পরিণত হয়।
বঙ্গবন্ধু হত্যার পর, জিয়াউর রহমান স্বাধীনতা-বিরোধীদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়ায় ক্ষোভ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলেও পাকিস্তানী বাহিনীর মতো বিএনপি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর নির্যাতন অত্যাচার করেছে।
যারা স্বাধীনতার ইতিহাসকে ব্যর্থ করতে চায় তারা যেন কখনো ক্ষমতায় যেতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। পাকিস্তান আমলেও একটি বিশ দলীয় জোট হয়েছিল জানিয়ে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটকে বিষকাটা আখ্যায়িত করেন শেখ হাসিনা।

