এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সফল হলে কাউন্সিলরদের প্রশিক্ষণ-সহ পুরস্কার -স্থানীয় সরকার মন্ত্রী

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে যে সকল কাউন্সিলর অধিক সাফল্য দেখাতে পারবেন তাদেরকে বিদেশে প্রশিক্ষণে পাঠানো-সহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে। পক্ষান্তরে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ব্যর্থতা বরদাস্ত করা হবে না। বিভিন্ন সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের উদ্দেশে একথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

মন্ত্রী আজ রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন দক্ষিণ কলোনী মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত মশক নিধন ক্রাশ প্রোগ্রামে বক্তৃতাকালে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। মাঠে ময়দানে গিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু নিয়ে ভয়ের বা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। সবাই সম্মিলিতভাবে কাজ করলে শীঘ্রই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহম্মদ, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরে মন্ত্রী মশক নিধন কর্মীদের উৎসাহিত করার জন্য নিজ হাতে ড্রেন ও ডোবা-নালায় মশক নিধন ওষুধ ছিটান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।