উন্নয়ন-অধিকারসহ মানবাধিকার সুরক্ষা ও অগ্রায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ -রাবাব ফাতিমা

নিউইয়র্ক, ৭ অক্টোবর: জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান ৭৫ তম অধিবেশনের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে অংশগ্রহণ করে মানবাধিকার সুরক্ষা ও অগ্রায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

তিনি বলেন, ‘জনকেন্দ্রিক’ ও ‘সমগ্র সমাজকেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার জনগণের সকল মানবাধিকারের সুরক্ষা ও অগ্রায়নে কাজ করে যাচ্ছে। সামাজিক উন্নয়ন, নারী ও বালিকাসহ সকল নাগরিকের মানবাধিকার রক্ষা, আইনের শাসন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের মতো বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা এবং সাইবার অপরাধ, মাদক ও অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে, তা তুলে ধরেন তিনি।

বৈশ্বিক মহামারি কোভিড১৯ এর ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি এবং চলমান আর্থসামাজিক কর্মকাণ্ডে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার গৃহীত ত্বরিৎ ও কার্যকর পদক্ষেপসমূহের কথা উল্লেখ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

জাতিসংঘ মহাসচিব কর্তৃক তৃতীয় কমিটিতে দাখিলকৃত বিভিন্ন প্রতিবেদনে মানবাধিকাররক্ষাসহ সামাজিকখাতে বাংলাদেশের অর্জনসমূহের যে স্বীকৃতি দেয়া হয়েছে, তা ও তুলে ধরেন তিনি। কোভিড১৯ এর দীর্ঘমেয়াদী প্রভাবসম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন স্থায়ী প্রতিনিধি বৈশ্বিক এ মহামারির কারণে এসডিজি অর্জনের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা কাটিয়ে তুলতে ‘প্রচলিত কার্যধারার’ বাইরে এসে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত ফাতিমা রোহিঙ্গা সমস্যার বিষয়টিও এই কমিটিতে তুলে ধরেন। রোহিঙ্গা বিষয়ে তৃতীয় কমিটিতে গৃহীতব্য রেজুলেশনটিকে সমর্থন জানাতে সদস্যদেশসমূহের প্রতি আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।