ঈশ্বরদীতে ওয়াজ থেকে ফেরার পথে প্রাণ গেলো মনিকার

ঈশ্বরদীতে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো কিশোরী মনিকা খাতুনের (১২)।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে পাকশী-দাশুড়িয়া লালন শাহ মহাসড়কের সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

দ্রুতগামী ঘাতক মাইক্রোবাস মহাসড়কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিকভাবে মৃত্যু হয়। এই ঘটনায় নিহত কিশোরীর সঙ্গে থাকা প্রতিবেশী মমতা বেগম (৫০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) মৃত্যুর সঙ্গে লড়ছেন।

নিহত কিশোরী মনিকা খাতুন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের মহিদুল ইসলামের মেয়ে। আর গুরুতর আহত মমতা বেগম একই এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. মনিরুজ্জামান জানান, মুন্নার মোড়ের পাশেই একটি ওয়াজ মাহফিল হচ্ছিল। মাহফিল শেষে রাস্তা পার হওয়ার সময় পাকশীর দিক থেকে দাশুড়িয়াগামী দ্রুতগামী একটি নোহা হাইচ মাইক্রো কিশোর মনিকাকে চাপা দেয়। এতে মেয়েটির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

একই সঙ্গে মেয়েটির সঙ্গে মমতা বেগমও গুরুতর আহত হন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক মাইক্রোটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।