আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকাতে ৩৫ থেকে ৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ রোববার (২৬ জুলাই) ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত জুম প্ল্যাটফর্ম সভার শুরুতে তিনি এ কথা জানান।
এছাড়া চামড়া পাচার ঠেকাতেও সরকারের কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতবছরের চেয়ে দাম কিছুটা কমানো হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৩৫ থেকে ৪০ টাকা, আর ঢাকার বাইরে গরুর চামড়া ২৮ থেকে ৩২ টাকা এবং সারাদেশে লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সময় রাত ১০টার পর সারাদেশে সব ধরনের কাঁচা চামড়া কেনাবেচা নিষিদ্ধ করার পাশাপাশি ঈদের দিন রাতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় চামড়ার প্রবেশ ঠেকানোর দাবি জানান ট্যানারি মালিকরা।
গত বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সারাদেশে খাসির চামড়া ১৮-২০ টাকা, বকরির ১৩-১৫ টাকা নির্ধারণ করা হয়।



