রংপুর বিভাগের আট জেলার ৫৮ উপজেলার ইউএনওদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন করে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক একেএম জিয়াউল আলম স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেয়া হয়।
পত্রে বলা হয়, রংপুর বিভাগের আট জেলার ৫৮টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে একজন পিসি, একজন এপিসি ও আটজন আনসারসহ মোট ১০ জন করে সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করার জন্য অনুরোধ করা হলো।
পত্রে সূত্র হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালকের ফোন কলের উল্লেখ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে সেখান থেকে বেরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় তাদের সরকারি বাসভবনে আনসার সদস্য নিয়োগ করা হবে বলে সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী।
বুধবার মধ্য রাতে ঘোড়াঘাটে সরকারি বাসায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা। এরপর তাকে ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বাবা চিকিৎসাধীন আছেন। তবে ইউএনওর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়।
বৃহস্পতিবার দুপুরে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয় ওয়াহিদা খানমকে।
অবস্থা স্থিতিশীল না হওয়ায় তার অস্ত্রোপচার করা নিয়ে দ্বিধায় ছিলেন মেডিকেল বোর্ড। পরে অবস্থার উন্নতি হলে রাত নয়টার দিকে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে চিকিৎসক বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।



