ফরিদপুর প্রতিনিধি: জেলার সালথা উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।
আজ রোববার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম জিয়া সেখ (৩০)। তিনি গোয়ালাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে গোয়ালপাড়া বাজারেসালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আটঘড় ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম সোহাগ খানের সমর্থক সুজনের সঙ্গে জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও কানাইপুর ইউনিয়নেরচেয়ারম্যান মো. বেলায়েত ফকিরের সমর্থক রেশানের কথাকাটাকাটি হয়।এর জেরে আজ সকালে বেলায়েত ফকিরের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে গোয়ালপাড়া এলাকায় গিয়ে ইউপি চেয়ারম্যান সোহাগ খানের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এসময় জিয়াসহ বেশ কিছু লোক আহত হন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিয়া মারা যান।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামালপাশা জানান, খবর পেয়ে সালথা থানা ও ফরিদপুর জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আর জিয়া সেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান সোহাগ বলেন, ‘রোববার ভোরে গোট্রি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বর, আবু সালে খসবু ও পার্শ্ববর্তী কানাইপুর ইউপির চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেনের সমর্থক পিকুল খাঁ, নেশান খান, রইচ খাঁ, ফারুক শেখ, কাউছার মাতুব্বর, কাদের মোল্লা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমার ও আমাদের সমর্থকদের বাড়িঘরে হামলা করে।’
ইউপি চেয়ারম্যান সোহাগ খান আরো বলেন, হামলায় অন্তত ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে।তবে কানাইপুর ইউপির চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, ‘এ হামলার সঙ্গে আমার কোনো লোক জড়িত নয়। তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি হামলা করতে যাব কেন?’



