আজ রাতে এক মিনিট আলো নিভিয়ে নীরবতা পালন করবে দেশ

আজ রাতে এক মিনিট আলো নিভিয়ে নীরবতা পালন করবে দেশ
এক মিনিট আলো নিভিয়ে নীরবতা পালন করবে দেশ

পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যার  দিন আজ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’এর মাধ্যমে গণহত্যার শিকার হয় লাখো মানুষ। এই জঘন্য গণহত্যা স্মরণে ২০১৭ সালে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়েছে। আজ ২৫ মার্চের কালরাতকে স্মরণীয় রাখতে দেশব্যাপী এক মিনিট আলো নিভিয়ে নীরবতা পালনের কর্মসূচি নিয়েছে সরকার।

আজ শনিবার (২৫ মার্চ) কেপিআইভুক্ত এলাকা ছাড়া দেশের মানুষ রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট সব আলো নিভিয়ে একসঙ্গে দাঁড়িয়ে নীরবতা পালন করবেন।

দিনটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়াল সেই রাতে গণহত্যার শিকার অগণিত শহীদকে স্মরণ করেছেন।

গণহত্যার স্মরণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ উদ্যোগে সকাল ১০টায় ‘বাংলাদেশের গণহত্যা ১৯৭১’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন। দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চের এই রাতে পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যার শিকার হয় বাংলাদেশের মানুষ। ১৯৭১ সালের ২৫ মার্চের  মধ্য রাতে পাকিস্তানি সৈন্যরা সাজোয়া ট্যাংক, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ‘অপারেশন সার্চলাইট’ এর নামে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করে।আর তাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে গণহত্যার শিকার হয় লাখো মানুষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।