মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে সাম্প্রদায়িক গালিগালাজ, কুমিল্লার সাংসদ বাহাউদ্দিন বাহার কর্তৃক শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলা এবং বিভিন্ন স্থানে পূজার প্রাক্কালে অব্যাহতভাবে মন্দিরে হামলাি ও বিগ্রহ ভাংচুরের প্রতিবাদ, দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবি এবং শারদীয় দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।
আজ ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার সকাল ১১.০০ টায় সারা দেশব্যাপী ‘প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এমন দাবী জানানো হয়।
এ সময় রানা দাশগুপ্ত বলেন, ‘আপনারা (পুলিশ) আমাদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে পারবেন, লাঠিপেটা করতে পারবেন তাতে আমাদের দুঃখবোধ থাকবে না। কিন্তু ঘা খেতে খেতে আমাদের অবস্থানটা এমন দাঁড়িয়ে গেছে যে আজকে আমরা যন্ত্রণায় কাতর। আজকে আমাদের অন্তর জ্বলছে। সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে, হুমকি দিচ্ছে এবং অনেকের নামে মিথ্যা মামলা দেওয়ার একটি সক্রিয় পাঁয়তারা চলছে। কুমিল্লায় সমাবেশে হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি তাদের শাস্তির আওতায় আনা না হয় তাহলে আমরা ঘরে থাকব না। পুলিশের অনুরোধ ও মানবিকতার দোহাই মানব না।’
তিনি বলেন, ‘কুমিল্লার এমপি বাহারকে মনোনয়ন দেওয়া হলে আমরা তাঁকে ভোট দিতে পারব না। মুন্সিগঞ্জের এমপি মৃণাল কান্তিকে স্থানীয় পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব মালাউন বলে গালিগালাজ করেছে। আমরা এসবের শাস্তি দাবি করছি। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ ব্যবস্থা নেবেন।’
নেতৃবৃন্দ বলেন, সারা দেশব্যাপী কর্মসূচি চলাকালীন সময়ে কুমিল্লা জেলা ও মহানগরে সুষ্ঠু ও সুশঙ্খলভাবে কর্মসূচি পালনকালে কুখ্যাত বাহাউদ্দিন বাহার এমপি’র সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নৃশংস হামলা চালায়। উক্ত হামলায় অনেকে গুরুতর আহত। এ সংবাদ পাওয়ার সাথে সাথে রাজু ভাস্কর্য থেকে মিছিল শাহবাগ চত্ত্বরে গিয়ে শাহবাগ থানার সামনে সড়ক ক্ষণিকক্ষণের জন্য অবরোধ করে। সেখান থেকে ঘোষণা করা হয় যে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে উক্ত হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
সম্প্রতি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘মদমুক্ত পূজা’ করার আহ্বান জানানোর একটি ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে অকথ্য ভাষায় ভর্ৎসনা করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।
মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে সাম্প্রদায়িক গালিগালাজ, কুমিল্লার সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজার প্রাক্কালে অব্যাহতভাবে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং শারদীয় দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবিতে ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের পূর্বঘোষিত এ কর্মসূচি ছিল।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুদীপ্ত সরকার সূর্য’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন বাড়াইক’র সঞ্চালনায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে” সামনে এ কর্মসূচী পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক-মনীন্দ্র কুমার নাথ, জয়ন্তক কুমার দেব, এডভোকেট তাপস কুমার পাল, যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, ছাত্র বিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদেও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস বল, সহ-সভাপতি-সুবোল কুমার ঘোষ, স্মরণ সাহা, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী সহ বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।




