বিশেষ প্রতিবেদকঃ আগামী ২৪ জুলাই হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। ওই দিন সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে ফ্লাইটটি। এরপর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় সৌদি আরবের জেদ্দায় পৌঁছাবে সেটি।
আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছরের হজ ফ্লাইটের সূচি ঘোষণা করেন মন্ত্রী রাশেদ খান মেনন।
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে শেষ হজ ফ্লাইটটি ছেড়ে যাবে ২৬ আগস্ট। এরপর ফিরতি ফ্লাইটের মাধ্যমে ৬ সেপ্টেম্বর থেকে দেশে ফিরতে শুরু করবেন হজযাত্রীরা। বাংলাদেশি যাত্রীদের নিয়ে শেষ হজ ফ্লাইটটি সৌদি আরব ছাড়বে ৫ অক্টোবর।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন হজ এজেন্সির মালিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেনন বলেন, এবার যেন কোনো হজ ফ্লাইট খালি না যায় বা ফ্লাইটের শিডিউল বিপর্যয় না হয়, সে জন্য তাঁরা সবাই চেষ্টা করছেন। এবার বিমান ভাড়ার অর্ধেক আগেই নিয়ে নেওয়া হচ্ছে।
এ বছর ১৭৭টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে যাবেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে হজ করতে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যাত্রী। এর মধ্যে অর্ধেক যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক করবে সৌদি এয়ারলাইন্স। ট্যাক্সসহ প্রত্যেক হজযাত্রীর জন্য বিমানের ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫২৫ মার্কিন ডলার।
এবার হজযাত্রাকে ঘিরে কোনো ধরনের সংকট যেন তৈরি না হয় সেদিকে নজর রাখা হবে বলেও জানান মন্ত্রী।




