ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দু’টি ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনার।
আজ ২৯ অক্টোবর ২০২১ তারিখে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ও কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক দু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সগুলি চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরীসেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করতে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সাহায্য করবে।
উল্লেখ্য, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক ২০২১ সালের মার্চ মাসে তার বাংলাদেশ সফরকালে ঘোষণাকৃত ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির অংশ হিসেবে অ্যাম্বুলেন্সগুলি প্রদান করা হয়েছে।


