অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিন্নাত আরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২-এর বিচারক আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে বদলি হয়ে আমাদের আদালতে আসে। এর আগে মামলাটির একটি ধার্য তারিখ ছিল। ওইদিন আসামিরা আদালতে হাজির হননি। ২৮ মার্চও মামলাটির ধার্য দিন ছিল। সেদিনও তারা আদালতে হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ এপ্রিল দিন ধার্য রয়েছে।

জানা যায়, ২০১৮ সালের ৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালে অরিত্রীর কাছে মোবাইল ফোন পান শিক্ষক। মোবাইল ফোনে নকল করছে এমন অভিযোগে অরিত্রীর মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়। দিলীপ অধিকারী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমান করে কক্ষ থেকে বের করে দেন। অধ্যক্ষের কক্ষে গেলে তিনিও একই আচরণ করেন। এ সময় অরিত্রী দ্রুত অধ্যক্ষের কক্ষ থেকে বের হয়ে যান। পরে শান্তিনগরে বাসায় গিয়ে অরিত্রীর মা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে অরিত্রী।

এ ঘটনায় ২০১৮ সালের ৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী। ২০১৯ সালের ১৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই বছরের ২০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কাজী কামরুল ইসলাম ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।