যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরের ওপর দিয়ে প্রবাহিত ভৈরব নদ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, নদী খনন ও রাজঘাট বাজার হতে চেঙ্গুটিয়া পর্যন্ত নদীর দুই তীরে গাইড ওয়াল নির্মাণের দাবিতে মানববনন্ধন হয়েছে।
অভয়নগর-নওয়াপাড়া পৌরহ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়া নৌ-বন্দর শহরের নূরবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্ট্যাব্যাপি মানববন্ধনে ইউনিয়নের কয়েক হাজার শ্রমিকসহ সাধারণ মানুষ অংশ নেয়। এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় বক্তারা বলেন, একশ্রেণির প্রভাবশালী ব্যবসায়ী ভৈরব নদের বিভিন্ন অংশ দখল করে ঘাট ও জেটি নির্মাণ করছে। গড়ছে অবৈধ গোডাউন ও অন্যান্য পাকা স্থাপনা। এতে নদী সংকীর্ণ হচ্ছে। বাধাগ্রস্থ হচ্ছে জোয়ারভাটা। এখাবে চলতে থাকলে ভৈরব নদী অস্তিত্ব সংকটে পড়বে। তাই নদী ও শ্রমিক বাঁচাতে অবিলম্বে অবৈধ দখলকারীদের উচ্ছেদের দাবি জানান নেতৃবৃন্দ।
অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল, সাধারণ কামরুল ইসলাম সরদার, যশোর ট্রাক ও ট্রাকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবীন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়ার সম্পাদক আসলাম হোসেনসহ শ্রমিক নেতৃবৃন্দ।




