ভারত প্রতিনিধিঃ ৫৩ বছর বয়সে চলে গেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ইরফান খান । মঙ্গলবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে ইরফান খানের সঙ্গে তার স্ত্রী সুতপা ও দুই সন্তান ছিলেন।
এর আগে ২০১৮ সালে ইরফান খান নিউরোনডকট্রিন টিউমারে আক্রান্ত হন। উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের জয়পুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খানের মা সাইদা বেগম। লকডাউনের কারণে মায়ের শেষবিদায়ে অংশগ্রহণ করা হয়নি তার।
ক্যান্সারে আক্রান্ত ইরফানের চিকিৎসা চলছিল বিদেশে। এরপর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। সম্প্রতি তাঁর শেষ অভিনীত ছবি ‘ইংরেজি মিডিয়াম’ মুক্তি পায়।
মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরই উদ্বেগ তৃরি হয়। তাঁর মুখপাত্র বলেন, অযথা আতঙ্ক ছড়াবেন না। জানা যায়, কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবারই তাঁর দীর্ঘ লড়াই শেষ।
সেই ছবি মুক্তি পাওয়ার সময়ও তাঁকে কোথাও দেখা যায়নি। অভিনেতার সুস্থতা কামনা করেছিলেন তাঁর অগণিত ভক্ত। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর তিনি লিখেছিলেন, ‘আমি ফিরব। অনেক গল্প এখনও বলার আছে।’
পিকু ছবির ডিরেক্টর সুজিত সরকারের সঙ্গে সুসম্পর্ক ছিল অভিনেতার। তিনি এদিন ট্যুইট করে ইরফানের চলে যাওয়ার খবর জানান। তিনি লেখেন, ‘ইরফান তুমি অনেক লড়াই করেছ। তোমার জন্য গর্ব হয়। আবার তোমার সঙ্গে দেখা হবে। সুতপা, বাবলি তোমরাও অনেক লড়েছ। তোমাদের সমবেদনা জানাই।’




