বিশেষ প্রতিবেদকঃ মোঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ নির্মাণ করেছিলেন তাজমহল। এই তাজমহলকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আর এখন থেকে ভালোবাসার নিদর্শন ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহল দর্শনে নতুন নিয়ম চালু করেছে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)।
২৯ মার্চ বৃহস্পতিবার এএসআইয়ের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১ এপ্রিল থেকে তাজমহলে কোনো পর্যটক বা দর্শনার্থী ৩ ঘণ্টার বেশি থাকতে পারবেন না। খবর দ্য হিন্দু।
১ এপ্রিল থেকে তাজমহল দর্শনে তিন ঘণ্টা শেষ হয়ে গেলে আবারও নতুন করে টিকিট কাটতে হবে পর্যটকদের। আগে তাজমহল দর্শনের জন্য কোনো সময়সীমা নির্দিষ্ট ছিল না। পর্যটকেরা সারাদিন তাজমহল দর্শন করতে পারতেন।
এএসআই’র নির্দেশনায় বলা হয়েছে, তিন ঘণ্টার বেশি কেউ অবস্থান করলে তাকে অতিরিক্ত টাকা দিতে হবে। এ জন্য দর্শনার্থীদের সময়সীমা দেখার জন্য নিয়োগ করা হচ্ছে অতিরিক্ত কর্মী।
প্রতিদিন তাজমহল খোলা হবে সূর্যোদয়ের ৩০ মিনিট আগে। বন্ধ হবে সূর্যাস্তের ৩০ মিনিট আগে। শুক্রবার বন্ধ থাকে তাজমহল। ওই দিন শুধু নামাজ পড়ার জন্য খোলা হয় তাজমহলের ফটক।
উল্লেখ্য, ১৫ বছরের কমবয়সী দেশি ও বিদেশি কোনো পর্যটকের টিকিট লাগে না। তাজমহল দর্শনের জন্য ভারতীয়দের ৪০ রুপির টিকিট কাটতে হবে। আর বিদেশিদের ১০০০ রুপির। তবে সার্ক দেশের পর্যটকদের জন্য এই টিকিটের হার ৫৩০ রুপি। তাজমহলের তিনটি ফটকের কাউন্টারে টিকিট মিলবে সূর্যোদয়ের এক ঘণ্টা আগে থেকে সূর্যাস্তের ৪৫ মিনিট আগ পর্যন্ত।




