ঢাকা: ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসনের হার ১ শতাংশ বহাল রাখার জন্য সৌদি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার (২০ জুলাই) রাজধানীর গুলশানে সৌদি আরবের দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ’র সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালের হজে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ব্যাকঅ্যাপ আবাসনের হার ২ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে বাংলাদেশি হাজিদের হজ ব্যয় কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ২০২৬ সালের মতো আগামী হজেও বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসনের হার ১ শতাংশ রাখার বিষয়টি বিবেচনার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সৌদি রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো আধা-সরকারি চিঠি তিনি ইতোমধ্যে পেয়েছেন এবং প্রয়োজনীয় সুপারিশসহ তা সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
তিনি চলতি বছরের বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং দুই দেশের ধর্মীয় ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।
বৈঠকে ধর্মমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে ক্যাটারিং ব্যবস্থা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ ‘ডি’-এর সমমান অনুযায়ী সার্ভিস প্যাকেজ-৩ এর মূল্য নির্ধারণের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এর আগে সৌদি দূতাবাসে পৌঁছালে ধর্মমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।