সাইবার সুরক্ষা আইন-২০২৬ আরও কার্যকর করতে খসড়া পর্যালোচনা

সাইবার সুরক্ষা আইন-২০২৬ আরও কার্যকর করতে খসড়া পর্যালোচনা
সাইবার সুরক্ষা

ঢাকা: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা, নাগরিকের ডিজিটাল অধিকার সুরক্ষা এবং নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এ-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে খসড়া আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করা হয় এবং আইনটিকে আরও কার্যকর, বাস্তবসম্মত ও সময়োপযোগী করতে একাধিক সুপারিশ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, পাশাপাশি কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনাম।

বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের অংশগ্রহণ

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) রেহান আসিফ আসাদ অংশ নেন।

সাইবার নিরাপত্তা ও নাগরিক অধিকারকে গুরুত্ব

বৈঠকে তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিকের অধিকার সংরক্ষণ এবং সরকারি-বেসরকারি ডিজিটাল সেবাকে আরও নিরাপদ করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী ও নীতিগত সুপারিশ নিয়ে আলোচনা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা আইনটির বিভিন্ন বিধান আরও স্পষ্ট ও বাস্তবমুখী করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কার্যকর আইনগত কাঠামো গড়ে তোলা যায়।

খসড়া চূড়ান্তে আবারও বৈঠক

বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, প্রস্তাবিত সুপারিশগুলো খসড়া আইনে অন্তর্ভুক্ত করার পর আইনটির সংশোধিত সংস্করণ পুনরায় মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। পরবর্তী আলোচনার মাধ্যমে আইনটির চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।