বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু): অপহরণ ও গণ ধর্ষণের অভিযোগে যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন এক নারী (২৭)।
দুই সন্তানের জননী তালাক প্রাপ্তা ওই নারী বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করলে বিচারক জয়শ্রী সমদ্দার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামীরা হলেন- যাত্রাবাড়ী থানার এসআই আ.স.ম মাহমুদুল হাসান ও মোছা: লাইজু, মো: শফিকুল ইসলাম রনি, মো: সাগর, মো: শামীম, মো: আলাউদ্দিন দেলোয়ার হোসেন, মো: হানিফ, মো: স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা আক্তার শশি।
মামলার এজাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারার অপহরণ এবং ৯ (৩) ধারার গণ ধর্ষণের অভিযোগ থাকলেও অভিযোগের বর্ণনায় ওসি এবং দুই এসআই এর বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের কোন অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করার জন্য ঘুষ দাবী এবং পরবর্তীতে ঘুষ না পেয়ে বাদিনীকে পতিতা বলে আদালতে চালান দেয়ার অভিযোগ করা হয়েছে।
মামলায় বলা হয়, বাদিনী ২ সন্তানের জননী তালাক প্রাপ্তা হওয়ায় অভাব-অনটনের কারণে কাজের সন্ধান করেন। পূর্ব পরিচিত আসামী শফিকুল ইসলাম রনি বাদীকে গত ১২ মার্চ অনলাইনে থ্রী পিস ও শাড়ী কেনা-বেচার একটি প্রতিষ্ঠানে কমিশনে চাকুরী দেয়ার কথা বলে করাতিটোলা ফারজানা আক্তার শশি ও বিলকিস আক্তার তাকে তাদের ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর তাদের সহযোগিতায় বাড়ির মালিকের ছেলে আসামী স্বপন তাকে জোর করে ধর্ষণ করেন। বাদী ডাক-চিৎকার দিলে আসামী শশি ও শিলা তার গলায় বটি ঠেকিয়ে মেরে ফেলার এবং ধর্ষণের ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দেয়। এরপর জীবন, বিপ্লব, হানিফ, সাগর ও আলাউদ্দিন বাদীকে মারধর ও বিবস্ত্র করে। তারা সহ আরো ১০/১২ জন লোক ইয়াবা সেবন করে বাদনীকে ধর্ষণ করে। সেখানে বাদী অসুস্থ হয়ে পড়ে। পরে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। তার ডাক-চিৎকারে নাজমুল হোসেন নামে একজন লোক এগিয়ে আসে। সব কথা শুনে তিনি তাকে সাহায্য করার কথা রেজাউল করিম নামে একজন মানবাধিকার কর্মীর কাছে নিয়ে যান। তার মাধ্যমে বাদী যাত্রাবাড়ী থানায় যায়। সেখানে ওসিকে না পেয়ে এসআই প্রদীপ কুমার ও আয়ান মাহমুদকে জানায়। তারা আসামী এসআই লাইজুকে দায়িত্ব দেন।
লাইজু ঘটনাস্থলে গিয়ে আসামী শশি ও শিলাকে ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে আনেন। এরপর এসআই লাইজু বাদিনীকে প্রস্তাব করেন যে, ওসি ওয়াজেদ, এসআই প্রদীপ কুমার ও আয়ান মামুদকে ১ লাখ টাকা ঘুষ দিলে ধর্ষণের মামলা হবে। না দিলে মিথ্যা মামলায় জড়ানো হবে। পরে গত ১৮ মার্চ ঘুষের টাকা না দিতে পারায় বাদিনীকে পতিতা সাজেয়ে আসামী শিলা ও শশি সহ আদালতে প্রেরণ করেন ওসি ওয়াজেদ, এসআই, মাহমুদুল হাসান ও লাইজু।
মামলায় বলা হয়, আসামী শশি এবং শিলা ইয়াবাসহ গ্রেপ্তার হলেও ওই সম্পর্কে কোন মামলা হয় নাই। উল্টো বাদিনীকে পতিতা সাজিয়ে আদালতে পাঠানো হয় এবং বাদিনীকে ধর্ষণের ঘটনা চাপা পড়ে যায়।



