মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: গত ২৪ ঘন্টায় মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পানি ২০ সে.মি. কমে এখনো বিপদসীমার ৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি কমার সাথে সাথে নদী ভাঙ্গন রাক্ষুসী রুপ নিয়েছে। এরই মধ্যে পদ্মা নদীর চরাঞ্চল চরজানাজাত ইউনিয়নের ৩০নং পূব খাসচর বন্দরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি অধেক অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া কাঠালবাড়ি ইউনিয়নের কাউলিবেড়া মাদ্রাসাও ভাঙ্গন কবলিত হয়েছে। রোপা আমন, পাট, শাক সবজিসহ প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর ফসলের মাঠই পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। পদ্মা ও আড়িয়াল খা নদী ভাঙ্গনের তীব্রতা বেড়ে এ পর্যন্ত ৫ ইউনিয়নের প্রায় ৪ শতাধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি বন্যা ও নদী ভাঙ্গন কবলিত চরজানাজাত ইউনিয়ন পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরন করেন। অপরদিকে একই দিন স্থানীয় সংসদ সদস্য নুর ই আলম চৌধুরীর উদ্যোগে নদী ভাঙ্গন কবলিতদের মাঝে উপজেলা আওয়ামী লীগ নগদ ৫লাখ টাকা ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আড়াই শশ পরিবারকে শুকনো খাবার বিতরন করা হয়। এর আগে দূর্গতদের মাঝে প্রায় ৪১ মে.টন চাল, ৩ লাখ টাকার শুকনো খাবার, নগদ ১ লাখ টাকা বিতরন হয়েছে। এছাড়া সংসদ সদস্যের নির্দেশে শিবচর উপজেলা আওয়ামী লীগ প্রায় ৫ ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রান ও নগদ অর্থ বিতরন করছে।

