পঞ্চগড়ে বোদায় তেঁতুলিয়াগামী একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ মোন্নাপাড়া এলাকায় পুকুরে উল্টে পড়ে গেছে। এ ঘটনায় চালকসহ কমপক্ষে ১৯ জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটের সময় ঢাকা- পঞ্চগড় মহাসড়কের বোদা উপজেলার পাথরাজ মোন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তেঁতুলিয়াগামী সালকি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে উল্টে পড়ে যায়। এতে চালক-হেলপারসহ অন্তত ১৯ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বোদা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে পঞ্চগড়েসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোদা থানার অফিসার ইচার্জ (ওসি) সোয়েল রানা জানান, বাসটি ২৫-৩০ জন যাত্রী নিয়ে ঢকা থেকে তেঁতুলিয়ার উদ্দেশে যাচ্ছিল।
ভোর রাতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১৯ জন যাত্রী উদ্ধার এবং উদ্ধার কাজ চলছে বলে তিনি জানান।




