দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এতদিন বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপন সম্প্রচার করেছে। এতে দেশ প্রায় ২ হাজার কোটি টাকার মতো বিনিয়োগ বঞ্চিত হয়েছে। এজন্য আমরা আইন মেনে গতকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে প্রবাসী কমিউনিটি সংযুক্ত আরব আমিরাত শাখা আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গতকাল থেকে দেশে বিদেশি চ্যানেল সম্প্রচারে সৃষ্ট সংকট নিয়ে তথ্যমন্ত্রী বলেন, এজেন্ট ও ক্যাবল অপারেটরদের সঙ্গে কথা বলেছি। তাদের কিছু কারিগরি ত্রুটি আছে। এজন্য সম্প্রচার করতে পারছে না। দ্রুতই এ সমস্যার সমাধান হবে।
ড. হাছান মাহমুদ বলেন, যেসব বিদেশি চ্যানেল বিজ্ঞাপন ছাড়া সম্প্রচার হয়, সেগুলোর জন্য আমাদের আইন কোনো সমস্যা করেনি। কেউ কেউ জনগণকে ক্ষুব্ধ করতে সম্প্রচার বন্ধ করে রাখতে পারে। এছাড়া কোনো কোনো চ্যানেল সম্প্রচারে সমস্যা আছে। আশা করি দ্রুত সেসব সমস্যা কেটে যাবে।
তিনি বলেন, যেকোনো বিদেশি চ্যানেল সম্প্রচার হতে পারে, তবে বাংলাদেশের আইন মেনে। ইউরোপ-আমেরিকাও এ আইন আছে। পাশের দেশ ভারতেও সেই আইন মেনে বিদেশি চ্যানেলকে বিজ্ঞাপন প্রচার করতে হয়।



