বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য ব্যবধান অনেক বেশি। নন ট্যারিফ ও প্যারা ট্যারিফ সংক্রান্ত শুল্ক জটিলতার জন্য ভারতে বাংলাদেশের পণ্য আশানুরূপ রপ্তানি হচ্ছে না। বাণিজ্য বাধাসমূহ দূর করা হলে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়বে। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার ভারতের কোলকাতার ওয়েস্টিন হোটেলে পশ্চিমবঙ্গ সরকার ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সহায়তায় হোরাসিসের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স হোরাসিস এশিয়া মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছে। আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে প্রবেশ করবে।
মন্ত্রী বলেন, প্রত্যকটি দেশের জন্য আলাদা করে ‘স্পেশাল ইকোনমিক জোন’ থাকবে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি ‘স্পেশাল ইকোনমিক জোন’ গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশের বিনিয়োগকারীগণ এখানে বিনিয়োগ করতে এগিয়ে এসেছেন।
তিনি বলেন, সরকার বিনিয়োগকারীর জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। বিনিয়োগকারীগণ এখন শতভাগ বিনিয়োগ করতে পারেন এবং যেকোন সময় লাভসহ বিনিয়োগকৃত অর্থ ফিরিয়ে নিতে পারবেন।
সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান হোরায়েসিস’র সভাপতি ফ্রাঙ্ক জুগার রিচারের পরিচালনায় বিশ্বের কয়েকশত বিনিয়োগকারীর উপস্থিতিতে মিটিং এ আরো বক্তব্য রাখেন মিয়ানমারের মান্ডালে অঞ্চলের মুখ্যমন্ত্রী জ মিন মং ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাপতি শ্বাশত গনিকা।





