দেশব্যাপী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত বৃহৎ ক্রীড়া আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের সমাপনী অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৪টায় ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
দেশের তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। গত ২ মে ২০২৬ সিলেট জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রথম আসরেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশ নেয়, যা দেশের ক্রীড়া অঙ্গনে ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট—মোট আটটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা প্রতিযোগীরা জাতীয় পর্বে অংশ নিয়েছে।
আয়োজকদের আশা, এ ধরনের নিয়মিত উদ্যোগ দেশের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



