প্রণব মুখোপাধ্যায়-এর সঙ্গে বাংলাদেশের রয়েছে বিশেষ সম্পর্ক

প্রণব মুখোপাধ্যায়-এর সঙ্গে বাংলাদেশের রয়েছে বিশেষ সম্পর্ক
দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: ভারতের রাজনীতিতে বিরাট নক্ষত্রের পতন। আজ সন্ধ্যায় ৮৪ বছর বয়সে চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক, প্রশাসনিক, সাংবিধানিক নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর জীবন কাটাচ্ছিলেন। অবসর নেওয়া সত্ত্বেও দল-মত নির্বিশেষে ভারতের সমস্ত রাজনীতিবিদদের কাছে তিনি ছিলেন একজন যথার্থ অভিভাবক।
প্রণব মুখোপাধ্যায়-এর সঙ্গে বাংলাদেশের রয়েছে বিশেষ সম্পর্ক। তিনি বাংলাদেশের জামাতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অন‍্যতম প্রধান পরামর্শদাতা। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার পর, তাঁর কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আপৎকালীন আশ্রয় গ্রহণ করেছিলেন, তখন প্রণব মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে শেখ হাসিনার পরিবারের একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। প্রণব মুখোপাধ্যায় তাঁর একটি স্মৃতিচারণমূলক গ্রন্থে লিখেছেন, বাংলাদেশ ওয়ান ইলেভেন পরবর্তী কঠিন সময়ে,শেখ হাসিনাকে বিদেশে চিকিৎসা শেষে যখন দেশে ফিরে আসতে বাধা প্রদান করা হয়েছিল- তখন তিনি ব্যক্তিগত প্রভাব খাটিয়ে স্বৈরাচারী সরকারের উপর প্রবল আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ওই আন্তর্জাতিক চাপের ফলেই বাংলাদেশের তৎকালীন স্বৈরাচারী সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পরে, প্রথম বিদেশ সফরে বাংলাদেশকেই বেছে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তৎকালীন বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়া, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছিলেন এবং তার শ্বশুরবাড়ি নড়াইল যাওয়ার দিনসহ তার অবস্থানকালীন প্রতিটি দিন, যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে খালেদা জিয়া দেশব্যাপী হরতালের ডাক করেছিলেন। অথচ তার মাত্র অল্প কিছুদিন আগে দিল্লি সফরকালে খালেদা জিয়াকে প্রণব মুখোপাধ্যায় রাজকীয় সংবর্ধনা দিয়েছিলেন, যে খালেদা জিয়া দিল্লি সফরের পূর্বে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে গিয়ে বলতে গেলে এক রকম পাত্তাই পাননি; দেখাই করতে পারেননি ঐ সমস্ত প্রভাবশালী রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে।
গত ৯ আগস্ট করোণা আক্রান্ত অবস্থায় প্রণব মুখোপাধ্যায় নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। অবশ হয়ে যায় তাঁর বাঁ হাত। পরের দিন দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, দ্রুত অস্ত্রোপচার দরকার। অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করতে গিয়ে জানা যায়, প্রণব মুখোপাধ্যায়ের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। সেই সংবাদ তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন। ৮৪ বছর বয়সে এই জীবাণুর থাবা থেকে নিরাপদে অস্ত্রোপচার করে সুস্থ করে তোলাটা চিকিৎসকদের কাছে ছিল বিরাট চ্যালেঞ্জের বিষয়। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। স্বাস্থ্যের অবনতি ঘটলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। গত দু’দিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ফুসফুসে সংক্রমণের জেরে বাড়তে থাকে নানান জটিলতা।
সংসদীয় রাজনীতিতে যে কোনও সঙ্কট সামলে দেওয়ার দক্ষতা ছিল প্রণব মুখোপাধ্যায়ের। ভারতীয় রাজনীতির অলিন্দে পরিচিত ছিলেন ট্রাবলশ্যুটার বা ক্রাইসিস ম্যানেজার হিসেবে। যে কোনও কঠিন পরিস্থিতি তিনি সামলে দিয়েছেন প্রখর কূটনৈতিক বুদ্ধির জোরে। যে কোনও কঠিন যুদ্ধেই বিজয় অনিবার্য করেই ফিরতেন তিনি। কিন্তু আজ তিনি জীবনের সর্বশেষ যুদ্ধে হাল ছেড়ে দিলেন; ফলে ভারত হলো রত্নহারা!

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।