× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

পিআইডি

দেশে প্রথমবারের মতো চারটি পানি সংকটাপন্ন এলাকা ঘোষিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
পানি সংকটাপন্ন এলাকা

পানি আইনের অধীনে দেশে প্রথমবারের মতো চারটি অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ১৭ ও ১৯-এর আলোকে বিস্তারিত জরিপ ও অনুসন্ধান শেষে বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার তিনটি অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। এ অঞ্চলে মোট ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়ন (৪ হাজার ৯১১টি মৌজা)-এর মধ্যে ৪৭টি ইউনিয়ন (১ হাজার ৫০৩টি মৌজা) কে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। গতকাল ঢাকার গ্রীন রোডস্থ ওয়ারপো ভবনের সম্মেলনকক্ষে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এই তিনটি এলাকাকে সংকটাপন্ন ঘোষণা করা হয়।

একইভাবে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন (১০৪টি মৌজা) ও একটি পৌরসভা (আটটি মৌজা)-এর মধ্যে তিনটি ইউনিয়ন (সাতটি মৌজা) এবং একটি পৌরসভা (পাঁচটি মৌজা)কে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। এসব এলাকায় পানি আইন অনুযায়ী পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি খাবার পানি, গৃহস্থালি কাজের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করতে একটি কমিটি আগামী এক মাসের মধ্যে করণীয় চূড়ান্ত করবে।

সভায় পানির প্রাপ্যতা যাচাই করতে নোয়াখালী জেলার সুবর্ণচরে প্রয়োজনীয় সমীক্ষা চালানোর সুপারিশ করা হয়। একই সাথে ৫০ জেলায় ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাইয়ে যে কার্যক্রম চলমান রয়েছে তা বাকি আরো ১৪টি জেলাতে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া,  সভায় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ দুটি জলাভূমি টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭-এর ক্ষমতাবলে প্রথমবারের মতো  ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। এই সুরক্ষা আদেশের অধীনে হাওর দুটিতে পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতে করণীয় নির্ধারণ করা হয়েছে।

এ সময় পানি আইন, ২০১৩-এর দুর্বল কার্যকারিতার ওপর আলোকপাত করে আইনটির প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া শিল্পখাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করা হয়।

নির্বাহী কমিটির সভাপতি পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোকাব্বির হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবগণ ও অন্যান্য দপ্তর-সংস্থার প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..