পাট বিষয়ে গবেষণা, পাটের উৎপাদন, বহুমুখি পাটপণ্যের উৎপাদন, ব্যবহার ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য সরকার ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক।
পাট গবেষণা, উদ্ভাবন, বীজ উৎপাদন, পাটপণ্য প্রস্তুত, রপ্তানি ও মহিলা উদ্যোক্তাসহ ১১ টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় পাট দিবস ২০২০’ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাটচাষীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি পাট শিল্পের সম্প্রসারণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাটের ন্যায্যমূল্য নির্ধারণ, পাট ক্রয়-বিক্রয় সহজিকরণের জন্য এসএমএসভিত্তিক পাট ক্রয়-বিক্রয় ব্যবস্থাকরণ, কাঁচা পাট ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিকরণ, পাটজাত পণ্য রপ্তানিতে প্রণোদনা ও অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধিকরণে সরকার ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
তিনি জানান, গত মৌসুমে দেশে ৭৪ দশমিক ৪৬ লক্ষ বেল কাঁচাপাট উৎপাদন হয়েছে। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত পাট ও পাটজাত পণ্যে ৬১৬ দশমিক ২০ মিলিয়ন ডলারের রপ্তানি আয় হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৮২ শতাংশ বেশি।
তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিকের অতি ব্যবহারের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে বিকল্প হিসেবে প্রাকৃতিক তন্তু ব্যবহারে বিশ্বব্যাপী নতুন আগ্রহ সৃষ্টি হচ্ছে। পাটের তৈরি বহুমুখী পরিবেশবান্ধব নতুন পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পাটের গৌরব পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা দিয়েছে। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর মাধ্যমে পাটপণ্যের বহুমুখীকরণ ও ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বহুমুখী পাটজাত পণ্যের প্রায় ৭০০ উদ্যোক্তা ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন যার অধিকাংশই বিদেশে রপ্তানি হচ্ছে বলে তিনি এসময় উল্লেখ করেন।
ব্রিফিং-এ জানানো হয়, আগামী ৬ মার্চ ঢাকায় অফিসার্স ক্লাবে পাট দিবসের মূল অনুষ্ঠান এবং ৬-১০ মার্চ পাঁচদিনব্যাপী বহুমুখী পাট মেলা আয়োজিত হবে।
এ সময় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, পাট অধিদপ্তরের মহাপরিচালক সওদাগর মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় পাট দিবসের শ্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘সোনালি আশেঁর সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’।



