নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে কবরস্থানের মাটি ভরাট উন্নয়ন কাজের বরাদ্ধের ১০ মে.টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।
এব্যাপারে দত্তগ্রামের মোঃ হারুনুর রশীদ গত ৬ আগষ্ট হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।
অভিযোগে প্রকাশ, কাবিখা কার্যক্রমের ২০১৭-২০১৮ সনের বিশেষ বরাদ্ধ হিসাবে ১০ মে.টন চাল দত্তগ্রাম কবর স্থানের মাটি ভরাট এর জন্য বরাদ্ধ হয়। অভিযুক্ত ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরী উদ্যোগী হয়ে সঠিক সময়ে কাজ করাবেন বলে গ্রামবাসীকে আশ্বস্থ করেন। পরে আবুল কাশম চৌধুরী বিশেষ বরাদ্ধের চাল উত্তোলনের কৌশল হিসাবে কাউকে অবহিত না করে নিজেদের দলীয় লোকদের সমন্বয়ে গোপনে ভূয়া কমিটি গঠন করে। এবং উক্ত কমিটির মাধ্যমে কাজ করার মর্মে সম্পূর্ন প্রতারণার আশ্রয়ে ২০,২৪,২৭ এবং ৩০ জুন মোট চার বারে ১০ মে.টন চাল উত্তোলন করেন। কোন প্রকার কাজ না করে প্রতারণা মূলকভাবে মাটি ভরাট করার নামে ১০ মে.টন চাল বিক্রয় করে ৩ লাখ ৭০ হাজার টাকা আতœসাত করেন।
গত ৫ আগষ্ট সকালে বাদী হারুনুর রশীদ, আব্দুল কাইয়ুম, রুহুল আমিন, ওসমান মিয়া,ছায়েদ আলী, সিরাজুল ইসলাম, চুনু মিয়াসহ অপরাপর স্বাক্ষীরা ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরীকে কাজ কেন করা হলোনা জানতে চেয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা গ্রাম পঞ্চায়েতে জমা দেয়ার জন্যে বললে আবুল কাশেম চৌধুরী চাল উত্তোলনের কথা অস্বীকার করেন। অস্বীকার করায় হারুন আল রশীদ গ্রাম পঞ্চয়েতের পক্ষে আদালতে অভিযোগ দায়ের করেন। এব্যাপারে ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।



