দক্ষিণ আফ্রিকার ‘নতুন ক্যালিস’ ফিল্যান্ডার!

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার তো বটেই, ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের অন্যতম জ্যাক ক্যালিস। ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান ভরসা ছিলেন এই ডানহাতি অলরাউন্ডার। এবার আরেক জ্যাক ক্যালিসের সন্ধান পেয়ে গেছে প্রোটিয়ারা। ভারনন ফিল্যান্ডারকে ‘নতুন ক্যালিস’ বলে আখ্যায়িত করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৪০ রানের বিশাল জয়ের পেছনে অন্যতম প্রধান ভূমিকা ফিল্যান্ডারের। সাত নম্বরে ব্যাট করতে নেমে দুই ইনিংসেই খেলেছেন লড়াকু ইনিংস। করেছেন ৫৪ ও ৪২ রান। দুই ইনিংস মিলিয়ে বল হাতেও নিয়েছেন পাঁচটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৩৩ রানে অলআউট করে দেওয়ার পেছনে অন্যতম প্রধান ভূমিকা এই ডানহাতি পেসারের। ১০ ওভার বল করে মাত্র ২৪ রানের বিনিময়ে ফিল্যান্ডার নিয়েছেন তিনটি উইকেট। অলরাউন্ড এই নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তাঁর হাতে।

৩৪০ রানের বড় হয়ের পর প্রোটিয়া অধিনায়ক দু প্লেসি ভূয়সী প্রশংসা করেছেন ফিল্যান্ডারের, ‘ফিল্যান্ডার যেভাবে ব্যাটিং করছে তাতে মনে হচ্ছে যে, সে নতুন জ্যাক ক্যালিস হয়ে উঠছে। সে খুবই দারুণ ক্রিকেটার।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্যান্ডারের অভিষেক হয়েছিল মূলত বোলার হিসেবেই। শুরুটা ওয়ানডে দিয়ে হলেও এখন পর্যন্ত টেস্টই বেশি খেলেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। ৪৫টি টেস্টে নিয়েছেন ১৬৯ উইকেট। আর ধীরে ধীরে নিজের ব্যাটিং প্রতিভার কথাটাও জানান দিতে শুরু করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ছয় বা সাত নম্বরে ব্যাট করতে নেমে প্রায়ই লড়াকু সব ইনিংস খেলতে দেখা যায় তাঁকে। ৪৫ টেস্টের ছোট ক্যারিয়ারে এখন পর্যন্ত ফিল্যান্ডার করেছেন ১১৭৬ রান। অর্ধশতক করেছেন সাতটি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত অবশ্য শতকের দেখা পাননি ডানহাতি এই ব্যাটসম্যান।

জ্যাক ক্যালিসের ক্রিকেটীয় পরিসংখ্যান খুবই বর্নিল। সেই দিক থেকে ক্যালিসের কাছাকাছি যেতে অবশ্য অনেক পথ পেরোতে হবে ফিল্যান্ডারকে। প্রায় ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১৬৬টি টেস্ট খেলে ক্যালিস করেছিলেন ১৩২৮৯ রান। উইকেট নিয়েছিলেন ২৯২টি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।