ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব অভিযানে সংশ্লিষ্টতার অভিযোগে ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩১ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫১ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন এবং সিটিটিসি বিভাগে ২ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ দুটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং চারটি চার্জারে থাকা মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, একটি চাকু, একটি কাঁচি, একটি ব্লেডের অংশবিশেষ, পাঁচটি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, একটি হাতঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



