ঝালকাঠি প্রতিনিধি: চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পুলিশি তল্লাশী ও সিসি ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ রবিবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে দলীয় কার্যায়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কিছু দূর গেলে পুলিশ তাতে বাধা দেয়।
এসময় পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পুলিশ বেরিকেট দিয়ে বিএনপি নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখে। পরে দলীয় কার্যালয়ের সমাবেশ করে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, কৃষক দলের সভাপতি রুস্তুম আলী চাষী, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল ও যুবদল নেতা রবিউল হোসেন তুহিন।
সমাবেশে বক্তারা বিএনপির কার্যালয়ে তল্লাশী ও সিসি ক্যামেরা ভাংচুরের তীব্র প্রতিবাদ জানান। এ ধরণের ঘটনায় সরকারের ফ্যাসিবাদী চরিত্র ফুটে উঠেছে বলেও মন্তব্য বরেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে করার আহ্বান জানান বক্তারা।




