বিকাশ সরকারের তালাবদ্ধ বাড়ি থেকে সবার গলাকাটা লাশ উদ্ধার

বিকাশ সরকারের তালাবদ্ধ বাড়ি থেকে সবার গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিকাশ সরকারের তালাবদ্ধ বাড়ি থেকে তার পরিবারের তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৯ জানুয়ারি, সোমবার ২০২৪ দিবাগত রাত তিনটার দিকে উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার বাসার তালা ভেঙে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, গত রোববার রাত থেকে গতকাল রাতের কোনো এক সময় তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর খুনিরা বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছে।

নিহত ব্যক্তিরা হলেন—বারোয়ারি বটতলা এলাকার কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে পারমিতা সরকার (১৫)। পারমিতা সরকার তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। নিহত ব্যক্তির বড় ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারোয়ারি বটতলা এলাকায় নিজের তিনতলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন বিকাশ সরকার। প্রথম ও দ্বিতীয় তলায় আরও পাঁচটি পরিবার ভাড়া থাকে। স্বজনেরা দুই দিন ধরে বিকাশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে পারছিলেন না। পরে গতকাল রাতে বাসায় এসে বাইরে থেকে তালা দেওয়া দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম বলেন, খবর পেয়ে গতকাল রাত তিনটার দিকে তালা ভেঙে বাসায় ঢুকে আমরা দেখি, কুপিয়ে ও গলা কেটে পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে। বাসার মেঝে ও বিছানায় লাশগুলো পড়েছিল। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।