গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরম পুরুষ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে পরম শ্রদ্ধায় ও উৎসব মুখর পরিবেশে ভাগবত পাঠ ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার উনশিয়া গ্রামের ভট্টেরবাগান লোকনাথ মন্দিরসহ উপজেলার বিভিন্ন মণ্ডপে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে ভোর থেকেই মন্দিরগুলোতে মঙ্গলারতি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং বাবা লোকনাথের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বিশ্বশান্তি ও মানব কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
ভট্টেরবাগান মন্দির কমিটির আয়োজনে সন্ধ্যায় উৎসবের মূল আকর্ষণ হিসেবে শুরু হয় ভাগবত পাঠ ও ভক্তিমূলক আলোচনা সভা। শাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্রী রায়ন চক্রবর্তী বাবা লোকনাথের জীবন, বাণী এবং সনাতন ধর্মের মূল তত্ত্ব ভাগবতের আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন।
“রণে, বনে, জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। বাবা লোকনাথের এই মহামন্ত্র স্মরণ করে ভক্তিমূলক আলোচনা সভায় বক্তারা বলেন, বাবার অহিংসা ও মানবসেবার বাণী আজীবন মানবজাতিকে সঠিক পথ দেখাবে।
অনুষ্ঠানে কোটালীপাড়া ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্ত সমবেত হন। ভাগবত পাঠ শেষে উপস্থিত সকল ভক্তদের মাঝে ‘মহাপ্রসাদ’ বিতরণ করা হয়।
মন্দির কমিটির সভাপতি অশোক কর্মকার বলেন, বাবা লোকনাথের এই তিরোধান দিবস শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ত্যাগের মহিমা ছড়িয়ে দেয়। জাতি-ধর্ম নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কোটালীপাড়ার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।#



