কেন গ্রেফতার করা হলো মিল্টন সমাদ্দারকে?

কেন গ্রেফতার করা হলো মিল্টন সমাদ্দারকে?

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে একাধিক মামলা হবে। মিল্টনের বিরুদ্ধে অজস্র অভিযোগ রয়েছে। জানিয়েছেন  ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন আটকের পর রাতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, অভিযোগের বিষয়ে মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সব কিছু তদন্ত করা হবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা জঘন্য অপরাধ। প্রমাণ মিললে ছাড় দেওয়া হবে না।

ডিবিপ্রধান আরও বলেন, মিল্টনের বিরুদ্ধে মানবপাচার, শিশুদের ওপর হামলা, আত্মীয়-স্বজনকে মারপিট এবং টর্চার সেল, সব কিছুই মামলার মধ্যে আসবে। আশ্রমের কার্যক্রম চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিল্টনের লোকজন সেখানে রয়েছে, স্বাভাবিকভাবেই আশ্রমের কার্যক্রম চলবে।

ঢাকার মিরপুরে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামে একটি আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করেন মিল্টন সমাদ্দার। তার ভাষ্য, সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয়। সম্প্রতি সাভারে জমি কিনে আশ্রয়কেন্দ্রের স্থায়ী নিবাস বানানো হয়েছে। মিল্টনের বিরুদ্ধে গুরুতর অভিযোগগুলোর অন্যতম হলো- অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা। এমনকি, তার পরিচালিত আশ্রমে তিনি যে কয়জনকে লালন-পালন করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় তার চেয়ে কয়েক গুণ প্রচার করেন। এছাড়াও মরদেহ দাফন করার যে হিসাব তিনি নিয়মিত দিয়ে থাকেন, তাতেও বিরাট গরমিলের অভিযোগ রয়েছে। মিল্টন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রচার চালান। এ সংক্রান্ত ভিডিও চিত্র দেন। ফেসবুকে তাকে অনুসরণ করেন ১ কোটি ৬০ লাখ মানুষ।

রাত ৮টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর-রশীদ জানিয়েছেন, মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ংকর অপকর্মের বহু অভিযোগ রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে এসব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া প্রয়োজনে তার স্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে। মিল্টনের বিরুদ্ধে মানবপাচার, অবৈধভাবে মরদেহ দাফন, আয়ের উৎস ও টর্চার সেলসহ ডজনখানেক অভিযোগ রয়েছে। এসব বিষয় মামলায় রাখা হবে বলে জানান ডিবি প্রধান।

ডিবি প্রধান মোহাম্মদ হারুন বলেন, মিল্টনের বাড়ি বরিশালের উজিরপুরে। বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকা ছাড়া করে। তারপর শাহবাগে এসে একটি ফার্মেসিতে কাজ করেন। সেখানে ওষুধ চুরির কারণে তাকে বের করে দেওয়া হয়। পরে মিল্টন মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করেন। এরপর তিনি চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠা করেন। স্ত্রীকে দিয়ে প্রতিষ্ঠানটি চালানো শুরু করেন। গণমাধ্যমে এসেছে, তার একটি অপারেশন থিয়েটারের তথ্য, যেটার কোনো লাইসেন্স নেই। তিনি বলেন, মিল্টনের বিরুদ্ধে রাতে মরদেহ দাফনের অভিযোগ রয়েছে। তিনি ইতোমধ্যে ৯০০ মরদেহ দাফন করেছেন বলে মিডিয়ায় এসেছে। এর মধ্যে ৮৩৫টি মরদেহের কোনো ডকুমেন্ট তিনি দেখাতে পারেননি। ভালো কাজ যতটুকু করেছেন, প্রচার করেছেন তার চেয়েও কয়েক গুণ। মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ংকর অপকর্মের পাশাপাশি রয়েছে বহু অভিযোগ।

প্রসঙ্গত, অসহায়-দুস্থদের সেবায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামে একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন মিল্টন সমাদ্দার। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন, করেন সেবা। জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি-বেসরকারি নানান পুরস্কার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।