আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ মাত্র এক দশক আগেও অসুখ-বিসুখে গ্রামীণ মানুষের অন্যতম ভরসা ছিল ওষুধের দোকান, হাতুড়ে ডাক্তার। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা।
দশ বছরে পাল্টে গেছে দেশের স্বাস্থ্য খাতের চিত্র। হাত বাড়ালেই মিলছে বিজ্ঞানসম্মত সেবা। বিনামূল্যে পাওয়া যাচ্ছে ৩০ ধরনের ওষুধ। বরিশালের আগৈলঝাড়া উপজেলার এমনি একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র সেরাল কমিউনিটি ক্লিনিক। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ২১টি কমিউনিটি ক্লিনিক প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন জনগনের স্বাস্থ্য সেবা দিচ্ছে। এই স্বাস্থ্য কেন্দ্রের কারনে মানুষ উপজেলা হাসপাতালে চিকিৎসা কিংবা ওষুধের জন্য যেতে হয় না।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে নীরবে সেবা দিয়ে যাচ্ছে এই কমিউনিটি ক্লিনিক গুলো। গত ১ বছরে সেরাল কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিয়েছেন প্রায় ৯ হাজার এর বেশি মানুষ। এই ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারনেই আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক গুলো স্থাপন হয়েছে। যার কারনে আমরা প্রতিনিয়ত এই কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও বিভিন্ন প্রকার ওষুধ পাচ্ছি।
কমিউনিটি ক্লিনিক গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯৬ সালে সরকারের দায়িত্ব নেয়ার পর দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। সেখানে গ্রামের অসহায় নারী ও শিশুসহ বিনা পয়সায় চিকিৎসা ও ওষুধ নিয়েছেন কোটি কোটি মানুষ। ২০০১ সালে সরকার পরিবর্তন হলে এসব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়। ২০০৯ সালে আবারও আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে বন্ধ কমিউনিটি ক্লিনিক চালু করে। এখন প্রতিদিন লাখ লাখ মানুষ সেখানে চিকিৎসা পাচ্ছেন। ৩০ প্রকার ওষুধ পাচ্ছে বিনা পয়সায়। একেকটি ক্লিনিকের জন্য বছরে ওষুধের বাজেট দেয়া হচ্ছে ১ লাখ ১০ হাজার টাকা। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্য খাতের উন্নয়নে ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিক। এর আওতায় ২০১৪ সাল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সেবা নেয়ার হার ২১ শতাংশ থেকে বেড়ে দাড়িয়েছে ৪২ শতাংশে। হামের টিকা নেয়ার প্রবণতা দাড়িয়েছে ৮৬ শতাংশে। ইপিআই কর্মসূচির টিকা গ্রহণের হার ৮৮ শতাংশ। এসব সূচকের অগ্রগতির কারণে দেশের মানুষের গড় আয়ুও বেড়ে দাড়িয়েছে প্রায় ৭১ বছর। এখন তৃণমূলের মানুষ বিজ্ঞানসম্মত সেবা পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার কারণে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমেছে। এটি দেশের জন্য, মানুষের জন্য বিরাট অর্জন। সরকারের এসডিসি-২০৩০ অর্জনে এই ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।
প্রসঙ্গত, ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এই শ্লোগানে কমিউনিটি ক্লিনিকে মা ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা, শিশু রোগের সমন্বিত চিকিৎসা, পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ, টিকাদান, যে কোনো রোগ বা জখমের চিকিৎসা, প্রসূতি, মারাত্মক অপুষ্টি, ডায়রিয়া ও হামে আক্রান্তদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের শনাক্ত ও রেফার্ড করা, জরুরি ও জটিল রোগী উচ্চতর পর্যায়ে রেফার্ডের মাধ্যমে কার্যকরী ব্যবস্থা, শিশু-কিশোরদের স্বাস্থ্য চিকিৎসা, প্রজনন ও নিরাপদ মাতৃত্বসেবা, পুষ্টি শিক্ষা, বয়স্কদের লক্ষণভিত্তিক চিকিৎসাসেবা ও পরামর্শ দেয়া হয়।
সেরাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আনজুমান রুপা জানান, বর্তমানে প্রতিদিন কমিউনিটি ক্লিনিকে গড়ে ৩০ জন সেবাগ্রহীতা আসছেন। প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি কিছু কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়েদের স্বাভাবিক ডেলিভারি হচ্ছে। কমিউনিটি ক্লিনিক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচীর আওতায় কমিউনিটি ক্লিনিক সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত একটি অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম যা বর্তমান সরকারের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, দেশে-বিদেশে নন্দিত। এ কার্যক্রমের মাধ্যমে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণ কাছাকাছি কমিউনিটি ক্লিনিক হতে সমন্বিত স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছেন। এটি জনগণ ও সরকারের যৌথ উদোগে বাস্তবায়িত একটি কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগকে আরও বেগবান করতে কমিউনিটি ক্লিনিককে ব্র্যান্ডিং করা হচ্ছে। ইতোমধ্যে ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ শ্লোগানটি কমিউনিটি ক্লিনিকের ব্র্যান্ডিং কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে




