মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের কচুরিপানা পরিষ্কার করতে নিজেই পানিতে নেমে গেলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম। এ সময় ইউএনও কামরুল ইসলামকে পানিতে নেমে অন্যান্য মানুষের সাথে কচুরিপানা পরিষ্কার করতে দেখা যায়। তাকে দেখে আশেপাশের অনেকেই কচুরিপানা পরিষ্কার করতে পানিতে নেমে পড়েন।
আজ ১১.১১.২০১৭ ইং শনিবার সকাল ১১.০০ টার দিকে মহেশপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালিশপুর ৫৮ বিজিবি ক্যাম্পের সামনে কপোতাক্ষ নদের কচুরিপানা পরিষ্কার করার কাজ শুরু হয়।
এ সময় ৫৮ বিজিবির অধিনায়ক জিল্লুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা তাছলিমা খাতুন, কৃষি কর্মকর্তা আবু তালহাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাসহ সাধারণ মানুষ কচুরিপানা পরিষ্কার করতে পানিতে নেমে পড়েন।শিবে হালদার নামের স্থানীয় একজন জানান, কপোতাক্ষ নদ প্রায় মরতে বসেছে। এই নদটা দেখভাল করলে প্রাণ ফিরে পাবে। দখলমুক্ত, রক্ষণাবেক্ষণ ও খনন খুবই প্রয়োজন। ইউএনও স্যারের এমন কর্মকা- আমাদের উৎসাহিত করেছে।
কপোতাক্ষ নদের পাড়ে ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, এই প্রথম দেখলাম যে, কোনো ইউএনও কচুরিপানা পরিষ্কার করতে নিজে পানিতে নেমে কচুরিপানা পরিষ্কার করছেন। এটা মহেশপুরবাসীর জন্য বড় প্রাপ্তি। ইউএনও যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাকে আজীবন মনে রাখবে মহেশপুরবাসী।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম জানান, কপোতাক্ষ নদকে বাঁচানো ও পানির প্রবাহ রাখার জন্য কাজটি করা হয়েছে। আমি কাজটা শুরু করে সকলকে এ কাজে আমন্ত্রণ জানাই। সবাই যেন এই কাজটি করেন।





