আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারেন এমপির স্ত্রীরা

বিশেষ প্রতিবেদকঃ  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সংসদ সদস্যের স্ত্রীরাও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারেন।

আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য রহিম উল্লাহর লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদ্যমান নীতিমালা অনুযায়ী কতিপয় শর্ত পালন সাপেক্ষে সংসদ সদস্যের স্ত্রীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে কোনো বাধা নেই। তাঁরাও লাইসেন্স পাবেন।’

মন্ত্রী বলেন, আগ্নেয়াস্ত্র নীতিমালা-২০১৬ অনুযায়ী শর্তসাপেক্ষে ৩০ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সক্ষম বাংলাদেশের সব নাগরিকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়।

ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুনের অপর এক লিখিত প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও পুলিশ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকারের পূর্ববর্তী মেয়াদে বিভিন্ন পদবির ৩৩ হাজার ১০২টি এবং চলতি মেয়াদে প্রধানমন্ত্রী অনুমোদিত ৫০ হাজার পদ সৃজনের অংশ হিসেবে ৪৫ হাজার ৪৩৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

মন্ত্রী বলেন, পুলিশ ও জনসংখ্যার অনুপাত ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ভবিষ্যতে এ অনুপাত আরো কমিয়ে আনার লক্ষ্যে পুলিশের জনবল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।