আখের মূল্য বৃদ্ধি, বাড়ছে আখচাষ, মোবারকগঞ্জ সুগার মিলে রোপন মৌসুমের উদ্বোধন

আখের মূল্য বৃদ্ধি, বাড়ছে আখচাষ, মোবারকগঞ্জ সুগার মিলে রোপন মৌসুমের উদ্বোধন
মোবারকগঞ্জ সুগার মিলে রোপন মৌসুমের উদ্বোধন
দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক মাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপন মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রোপন মৌসুমের উদ্বোধন উপলক্ষ্যে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মিলগেট এলাকার পুকুরিয়ার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মোঃ খলিল।
এদিন করপোরেশনের মহাব্যবস্থাপক ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৯ সুগার মিল এলাকায় একযোগে আখ রোপন উদ্বোধন করেন। মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবয়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিলের কৃষি ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল।
মোবারকগঞ্জ সুগার মিলের কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ও আখচাষি মাজেদুর রহমান।
মোচিক মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ২০২৬-২৭ রোপন মৌসুমে ৪৩ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উদ্বোধন করা হয়। এছাড়া আসছে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের জন্য মিল এলাকায় দন্ডায়মান আখ রয়েছে ৪ হাজার ১০ একর। এ পরিমাণ আখ দিয়ে প্রায় দুই মাস মিল চলানো সম্ভব হবে।
এদিকে আসছে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আগেই আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতিমন আখের মূল্য ধরা হয়েছে ২৬০.৪০ টাকা। গেল মাড়াই মৌসুমে আখের মন ছিল ২৫০ টাকা।
বিগত বছরগুলোতে নানা প্রতিকূল পরিবেশ ও অল্প সময়ে ফুল ফলসহ বিভিন্ন লাভজনক ফসল চাষ হওয়ায় কমে যাচ্ছিল আখচাষ। তবে, গত কয়েক বছর পর্যায়ক্রমে মুল বৃদ্ধির ফলে আখচাষে ফিরছে কৃষকরা।
চলতি মৌসুমে আবারো আখের দাম বৃদ্ধি করায় খুশি আখচাষিরা। এছাড়া গত মৌসুম থেকে আখ মিলে দেওয়া সাথে সাথে টাকা পরিশোধ করা হয়েছে। এবারও একই ভাবে কৃষকদের টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।