স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের চিকিৎসা খাত চরম অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।
রোববার (১৬ আগস্ট) ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক সংকট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্যখাতকে আরও গতিশীল করতে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।
পরে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


