চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশে সনাতনীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশে সনাতনীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সনাতনীরা।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর শাহবাগ ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, নাটোর, রাঙামাটি, যশোর, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ডিবি। পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে নিজেদের হেফাজতে রেখেছে ডিবি। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

পরে সম্মিলিত সনাতন জাগরণ জোট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের কাছে চিন্ময় প্রভু নামে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহবান জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন নিপীড়ন, লুট-পাট, হত্যা সংঘটিত হওয়ার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশে নানা ধরনের দাবী নিয়ে বক্তব্য রাখেন। এর আগে চট্রগ্রাম নগরের লালদীঘি মাঠে ৮ দফা দাবি নিয়ে ঐ সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মঠ-মন্দিরে হামলা বাড়িঘরে লুট, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ তুলে ধরেন ফলে  তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ উঠে।

গত ৩০ অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। একই মামলায় অজ্ঞাতনামা আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।