নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সমস্যাসহ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে দু’দিনের সফরে ঢাকায় এসেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি।
আজ (মঙ্গলবার) বেলা ১২টার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
মূলত রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই ঢাকা সফর। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য রেতনোকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়।
আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী বৈঠক হওয়ার কথা রয়েছে রেতনোর।
বিকেল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এরপর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করবেন তিনি।
এর আগে সোমবার মিয়ানমার সরকারের সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারসুদি।
১২ ঘণ্টার সফর শেষে তিনি রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়বেন।
টেকনাফ সীমান্ত দিয়ে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মিছিল উদ্বেগ ও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ক্রমেই তা বাড়ছে। ২৪ আগস্ট মিয়ানমারের আরাকান রাজ্যে (রাখাইন স্টেট) সহিংস ঘটনার পর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে, ৩১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ৪ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত টেকনাফ উপজেলার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে আলাদাভাবে ৫৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুর লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।





