বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাঁর ভারত ও ভুটান সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
পাশাপাশি বৈঠকে হাওড় জেলাগুলোতে বন্যায় ক্ষয়ক্ষতি এবং এ বিপর্যয় রোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে পৌঁছেন। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ এপ্রিল তিনদিনের সরকারি সফরে ভুটান যান। এর আগে প্রধানমন্ত্রী গত ৭ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে ভারত যান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



