যানজট নিরসনে ইউটার্নই এখন যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর উত্তরা রোডে এর সুফল মিললেও সাত রাস্তা থেকে মহাখালী পর্যন্ত সড়কে লেগে থাকছে তীব্র যানজট। জায়গা না থাকায় রাস্তা বড় করা যাচ্ছে না বলে জানিয়েছে উত্তর সিটি করপোরেশন। বিপরীতে বিশেষজ্ঞরা বলছেন, ছোট রাস্তায় ইউটার্নের বদলে ‘গ্রেট সেপারেটেড ইউলুপ’ করা প্রয়োজন ছিল।
রাজধানীর তেজগাঁওয়ের যানজট নিরসনে নাবিস্কো মোড় ও বিজি প্রেসের সামনে তৈরি করা হয়েছে ইউটার্ন; যা উল্টো দুর্ভোগের কারণ হচ্ছে এখান দিয়ে চলাচলকারীদের জন্য।
মহাখালী বাসস্ট্যান্ড থেকে আন্তঃজেলা বাসগুলোকে বের হয়ে নাবিস্কো মোড়ের ইউটার্ন দিয়ে ঘুরতে হয়। বাসগুলো যেন অনায়াসে ঘুরতে পারে, ইউটার্নটিকে সে জন্য বড় করে বানানো হয়েছে। বিপত্তিটাও এখানেই। ইউটার্নকে বড় করতে গিয়ে মূল সড়ক হয়ে পড়েছে সরু। ফলে কয়েকটি বাস এক সঙ্গে ঘুরতে গেলেই পেছনে গাড়ির লাইন লম্বা হচ্ছে।
মূল সড়কটি ছিল চার লেনের। ইউটার্নের কারণে যা পরিণত হয়েছে দেড় লেনে। আবার বিভিন্ন কোম্পানি ও আবাসিক ভবনের মানুষের যাতায়াতের জন্য পাশের সংযোগ সড়ককেও খোলা রাখতে হয়েছে। ফলে বেশিরভাগ সময় এই মোড়ে যানজট লেগে থাকছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, এক জায়গাতে বড় অন্যদিকে ছোট হওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। বাসের এক হেলপার বলেন, আগে বৃহস্পতিবার যে যানজট হতো, এখন তা প্রতিদিন হচ্ছে।

