যশোরে ইউপি নির্বাচনে পুলিশের গাড়িতে হামলা, আহত ৫

যশোর অফিসঃ যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দুই পক্ষের  পাল্টাপাল্টি হামলায় ৫জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাংচুর করে জনতা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রানিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তিনজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, চৌগাছার রানিয়ালি গ্রামের বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে কৃষ্ণপদ বিশ্বাস, অনুকূল বিশ্বাসের ছেলে নরহরি বিশ্বাস ও শিবু পদ বিশ্বাসের ছেলে অবনিশ্বর বিশ্বাস। অপরদিকে গণপিটুনিতে হামলাকারী  আকরাম ও মিন্টু নামে ওই দুইজন আহত হয়েছেন। পুলিশ উদ্ধারের পর তাদের আটক করেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান বলেন, ভোট কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাণিয়ালি গ্রামে নৌকা মার্কার প্রার্থী ওবাইদুর রহমান সবুজের তিন সমর্থকের ওপর আনারস মার্কার প্রার্থী শাহীন রেজার সমর্থকরা হামলা চালিয়েছে আহত করেছে।

রানিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক কামরুজ্জামান জানিয়েছেন, ভোট চলাকালে কেন্দ্রের পাশে একদল দুবৃত্ত একজনকে ছুরিকাহত করে। এ সময় পুলিশ মিন্টু নামে এক সন্ত্রাসীকে আটক করে। দুইজন পালিয়ে যায়। তারা পাশে হিন্দু পাড়ায় একটি ঘরের মধ্যে গিয়ে ওঠে। এসময় ক্ষুব্ধ জনতা তাদেরকে বের করে এনে পিটুনি দেয়। গণপিটুনিতে আহত আকরাম ও মিলন নামে ওই দুইজনকে পুলিশ উদ্ধারের পর আটক করে।

এদিকে স্থানীয় নারী পুরুষরা আগে আটক মিন্টুকে তাদের হাতে তুলে দেয়ার জন্য পুলিশের কাছে দাবি করে। পুলিশ আটকদের নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার সময় জনতা পুলিশের গাড়িতে হামলা করে। পরে অতিরিক্ত পুলিশ এসে গ্রামবাসীকে শান্ত করে।

প্রিজাইডিং অফিসার আব্দুল হামিদ জানান, ঘটনাটি কেন্দ্রের পাশে ঘটেছে। ভোট গ্রহণ বন্ধ হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।